ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুন এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ করে দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। নবনির্মিত এসব বাড়ির চাবি ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফেনীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে পরিবারের সদস্যদের কাছে বাড়ির চাবি হস্তান্তর করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমেন মিথুন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনীর সদর উপজেলার ভোরবাজারে দুপুর ১২টায় এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একতাবাজারে আয়োজিত পৃথক কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
দেশবার্তা/এমআর