ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নে আবু তোরাব বাবু (৪৮) নামের এক বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজের ২০ দিনেও সন্ধান না মেলায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্বজন ও এলাকাবাসী। নিখোঁজের রহস্য উদ্ঘাটন ও তাঁকে দ্রুত খুঁজে পাওয়ার দাবিতে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের কেএম হাট বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা জানান, গত ২২ আগস্ট রাতে পূর্ব সুলতানপুর এলাকার মান্তি ভূঁইয়া বাড়ির শের আলীর ছেলে আবু তোরাব বাবু ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনুসন্ধানের একপর্যায়ে শান্তির চর এলাকা থেকে তাঁর কাদামাখা শার্ট উদ্ধার হলেও তাঁর কোনো হদিস মেলেনি। এলাকায় কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা ছিল না বলেও জানান স্বজনেরা।
নিখোঁজের সহোদর আদম শফি উল্লাহ মিলন মানববন্ধনে অভিযোগ করে বলেন, "ঘটনার রাতে দুটি সন্দেহজনক বিষয় ঘটেছে। প্রথমত, ওই রাতে আমাদের এলাকায় নদীর পাশ থেকে দুর্বৃত্তরা আহসান উল্লাহর কিছু গাছ কেটে চুরি করে নিয়ে যায়। দ্বিতীয়ত, আমাদের বাড়ি সংলগ্ন একটি আখখেতে শিয়ালের উপদ্রব কমাতে বিদ্যুৎ সঞ্চালিত তার পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, বাবু হয়তো গাছ চুরির ঘটনা দেখে ফেলায় বিপদে পড়েছে, অথবা অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। অথচ পুলিশকে এসব বিষয়ে জানানোর পরও তদন্তে আশানুরূপ সহযোগিতা পাওয়া যাচ্ছে না।"
মানববন্ধনে সংহতি জানিয়ে ফরহাদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গোফরান বাচ্চু বলেন, পরিবার যেসব ঘটনার কথা সন্দেহ করছে, সেগুলোকে গুরুত্ব দিয়ে গভীরভাবে তদন্ত করলে সত্য বের হয়ে আসতে পারে।
কেএম হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান মিলন বলেন, একজন প্রতিবন্ধী মানুষ নিখোঁজ হওয়ার ২০ দিন পার হলেও প্রশাসন রহস্য উদ্ঘাটন করতে না পারা অত্যন্ত দুঃখজনক। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
পুলিশি তদন্তের বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ উদ্দিন জানান, ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি বলেন, তিনি নিখোঁজ নাকি কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন, তা বের করতে তদন্ত চলছে। সত্য উদ্ঘাটনে স্থানীয় এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
প্রতিনিধি/আরএইচ