সামাজিক শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর আদর্শের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রাবন্ধিক ড. রফিকুল ইসলাম।
তিনি বলেন, মানুষের কাছে সর্বাধিক আরাধ্য বিষয় সামাজিক শান্তি এবং জীবনের সব স্তরে শৃঙ্খলা। ব্যক্তির অধিকারে যখন সবকিছু থাকে, তখন সে সামাজিক শান্তি ও শৃঙ্খলা ছাড়া আর কিছুই কামনা করে না। এটি শুধু মানবজীবনের চাহিদা নয়, বরং মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে এটি প্রতিষ্ঠার জন্য একটি পরিপূর্ণ মেকানিজম প্রতিষ্ঠা করেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মাগুরা অডিটোরিয়ামে জেলা সীরাত উদ্যাপন কমিটি আয়োজিত ‘সামাজিক শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর আদর্শ’ শীর্ষক সেমিনারে প্রধান প্রবন্ধকার হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা আমিন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মতিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ঢাকা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের প্রধান খতিব ড. মাওলানা হাবিবুর রহমান।
অধ্যাপক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াইল ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ড. মাওলানা রবিউল ইসলাম, মাগুরা আল-আমিন ইয়াতিমখানার পরিচালক হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, সাবেক ছাত্রনেতা ও আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. মাসুদুল আলম এবং বিশিষ্ট সমাজসেবক, সাবেক ছাত্রনেতা ও আগামী মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বি এম এরশাদুল্লাহ অহিদ।
সেমিনারে অন্যান্য বক্তারা রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সর্বত্র ইসলাম প্রতিষ্ঠার আহ্বান জানান।
প্রতিনিধি/আরএইচ