ফেসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে নিয়ে ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সিফাতকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে তাকে কেন কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়া হবে না, সে বিষয়ে তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসান স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, মো. আব্দুল্লাহ সিফাত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিবিএ (অনার্স) ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের (শিক্ষাবর্ষ ২০২১-২২) শিক্ষার্থী। গত ৩ সেপ্টেম্বর নিজের বাসার বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতা নিয়ে ফেসবুকে পোস্ট করে তিনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে উদ্দেশ করে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে। ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, সেনাবাহিনী পরিচালিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার ভিত্তিতে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। তাই কোনো শিক্ষার্থী শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
নোটিশে আরও বলা হয়, একজন শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের আচরণ অশোভন, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় কলেজের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের বিব্রত হতে হয়েছে।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের স্থায়ী পরিচালনা নীতিমালার অধ্যায় ৯-এর অনুচ্ছেদ ৯.৮-এর ক্রমিক ৮ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করলে অপরাধের গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বহিষ্কার বা ছাড়পত্র দেওয়ার বিধান রয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এর আগে বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে বক্তব্য দেওয়ার পর গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুর থেকে আব্দুল্লাহ সিফাতকে আটক করে পুলিশ। পরদিন তাকে একটি পুরোনো সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
দেশবার্তা/আরএইচ