সাতক্ষীরা আদালতে বিচারক, জনবল এবং অবকাঠামোগত সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার সকালে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা এখানকার বিচার বিভাগের স্থানীয় সমস্যা শুনেছি, এসব সমস্যা সমাধানের পথ কী, তার সুপারিশ শুনেছি। এ থেকে উত্তরণের পথ কী, সে সিদ্ধান্ত নেব।’
এর আগে মন্ত্রী সাতক্ষীরার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।
মতবিনিময় সভায় আইনমন্ত্রী সীমান্ত জেলা হিসেবে সাতক্ষীরাকে মাদকমুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘দ্রুত বিচারের জন্য সামারি ট্রায়াল করতে হবে। মাদক নির্মূলে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’
মন্ত্রী বিচারপ্রার্থীদের দ্রুত বিচারপ্রাপ্তিতে মামলা নিষ্পত্তির হার বাড়ানোর আহ্বান জানিয়ে বিচারকদের কর্মঘণ্টাকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, লিগ্যাল এইডকে জনবান্ধব করতে হবে। মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে মামলাজট কমাতে হবে।
স্থানীয় বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী আরও বলেন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হবে। প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দ করা হবে। সাতক্ষীরায় নতুন যে ২৩টি কোর্ট সৃজন করা হয়েছে, অতি দ্রুত সেখানে বিচারক ও স্টাফ নিয়োগ দেওয়া হবে।
পরে মন্ত্রী সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্যগণ, জেলা বিএনপির সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে জেলার সার্বিক সমস্যা তুলে ধরেন।
বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমির আরও একটি দলীয় মিটিংয়ে যোগদান করার কথা রয়েছে মন্ত্রীর।
প্রতিনিধি/আরএইচ