রাঙামাটি সদর জোন কমান্ডার (ভারপ্রাপ্ত) মেজর মো. জুলফিকার রহমান বলেছেন, পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তোলা হচ্ছে। কারণ সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাদেরও পিছিয়ে থাকার সুযোগ নেই।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি সদর জোনের প্রশিক্ষণ শেডে কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জোন কমান্ডার আরও বলেন, ‘আপনারা জানেন যে, বাংলাদেশ সেনাবাহিনী মানুষের উন্নতির জন্য কাজ করে। এ অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের উন্নতির জন্য সেনাবাহিনী কাজ করতে চাই। এটার ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে আমাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা চাই সে দায়িত্ব সঠিকভাবে পালন করি। আমরা শুরু করেছি, ওভারঅল উন্নয়নের অগ্রগতির যে ধারা আছে সেটা সুন্দরভাবে শুরু হবে এবং এ এলাকার মানুষের উন্নয়ন ঘটবে বলে আমরা আশা করি।’
জোন কমান্ডার মো. জুলফিকার রহমান বলেন, কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। আরও প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে মেকানিক্যাল ট্রেনিং, ফার্স্ট এইডের ওপর ট্রেনিং, মহিলাদের সেলাই প্রশিক্ষণসহ আরও অনেক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এসব প্রশিক্ষণ এ অঞ্চলের মানুষের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।
এরপর কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থী অর্পা বণিক বলেন, ‘আমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে এসেছি। আশা করছি এ প্রশিক্ষণ আমার জীবনের উন্নয়নে কাজ করবে।’
প্রশিক্ষণার্থী সাগর ধর বলেন, ‘বর্তমান দুনিয়া তথ্যপ্রযুক্তির যুগ। যুগের সঙ্গে তাল মেলাতে আমরা কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছি।’
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেনাবাহিনীর উদ্যোগে এ কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ প্রশিক্ষণের প্রথম ব্যাচে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।
এ সময় সদর জোনের ক্যাপ্টেন সাদমান রাফিদ বিন আজমসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ