পিরোজপুরে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ)সহ মো. মিরাজ শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের পশ্চিম ডুমুরিতলা গ্রামের একটি বসতঘরের শয়নকক্ষে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এসব তথ্য জানান।
গ্রেপ্তার মিরাজ শেখের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ ও কক্সবাজারের বিভিন্ন থানায় দায়ের করা মামলাও রয়েছে।
পুলিশ সুপার বলেন, ১২ সেপ্টেম্বর শনিবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শারিকতলা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি/আরএইচ