| চলমান বার্তা: |

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, রোমেরোকে অধিনায়ক করার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। গত বিশ্বকাপ শুরুর আগেই বিষয়টি পরিকল্পনায় ছিল। সে সময় মেসি ও নিকোলাস ওতামেন্দির পর তৃতীয় অধিনায়ক ছিলেন রোমেরো। বিশ্বকাপের পর দুজনই জাতীয় দল থেকে বিদায় নেওয়ায় এবার আর্মব্যান্ড উঠেছে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের হাতে।
গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকোর মতো অভিজ্ঞদের পেছনে ফেলেই রোমেরোর ওপর আস্থা রেখেছেন স্ক্যালোনি। বেলগ্রানো একাডেমি থেকে উঠে আসা এই ডিফেন্ডার এখন মাঠ ও ড্রেসিংরুমে দলের নেতৃত্বের বড় দায়িত্ব সামলাবেন।
তবে ২০২৭ সাল পর্যন্ত স্ক্যালোনি নিজেই দায়িত্বে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে তাঁর চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে।
জাতীয় দলের হয়ে রোমেরোর অধিনায়কত্ব অবশ্য নতুন নয়। ৫৮ ম্যাচে এরই মধ্যে তিনবার আর্জেন্টিনার আর্মব্যান্ড পরেছেন তিনি। তখনও কোচ ছিলেন স্ক্যালোনি।
প্রথমবার গত বছর দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের জয়ে নেতৃত্ব দিয়েছিলেন রোমেরো। এরপর অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচেও অধিনায়ক ছিলেন তিনি। সর্বশেষ গত মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও দলকে নেতৃত্ব দেন এই ডিফেন্ডার।
সেপ্টেম্বরের প্রীতি ম্যাচগুলো দিয়েই শুরু হতে যাচ্ছে রোমেরোর পূর্ণকালীন অধিনায়কত্বের নতুন অধ্যায়। প্রতিপক্ষের নাম চলতি সপ্তাহেই ঘোষণা হওয়ার কথা।
দেশবার্তা/এমআর
