আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে প্রথম ফিফা আসিয়ান কাপ। ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলোর সূচি প্রকাশ করেছে।
সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ৩টায় জাকার্তার গেলোরা বান কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এরপর ২৮ সেপ্টেম্বর একই ভেন্যু ও একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। ১ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে হবে ম্যাচটি।
প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের পাশাপাশি চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ভারত ও চীন নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের পরিবর্তে পাকিস্তান ও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। ফিফার আমন্ত্রণ পাওয়ার পরই টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে।
আসরকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল নিয়ে ক্যাম্প করছে বাংলাদেশ। প্রধান কোচ টমাস ডুলির অধীনে চলছে দলের প্রস্তুতি। বিদেশি লিগে খেলা হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম বর্তমানে ক্যাম্পে নেই। তবে চূড়ান্ত দলে তাদের থাকার কথা এবং টুর্নামেন্ট শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন তারা। প্রাথমিক দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম।
ফিফা আরব কাপের আদলে গত বছর আসিয়ান কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছর ফিফা কংগ্রেসে অনুমোদন পাওয়ার পর এবারই প্রথম মাঠে গড়াচ্ছে প্রতিযোগিতাটি।
দেশবার্তা/এমআর