বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকের অপেক্ষায়। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গায়ানা আমাজন ওয়ারিয়র্সে আফগানিস্তানের মোহাম্মদ নবির বদলি হিসেবে যোগ দিয়েছেন তিনি।
জাতীয় দলের হয়ে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নবি সিপিএল ছেড়ে দেশে ফিরবেন। তার জায়গাতেই মিরাজকে দলে নিয়েছে আমাজন ওয়ারিয়র্স। একই কারণে আফগান উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের বদলে পাকিস্তানের মোহাম্মদ হারিসকে দলে নিয়েছে দলটি।
চলতি মৌসুমে আমাজন ওয়ারিয়র্সের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নবি। গ্লোবাল সুপার লিগ ও এবারের সিপিএল মিলিয়ে ১১ ম্যাচে দলটির জয় ১০টি। চলতি সিপিএলে ছয় ইনিংসে ১২ উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। তার রান দেওয়ার হারও ছয়ের নিচে।
রোববার প্রভিডেন্সে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে চার উইকেট নিয়ে আমাজন ওয়ারিয়র্সের প্লে-অফ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নবি।
মিরাজের জন্য এবারের সিপিএল বিশেষ সুযোগ। ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্সের বদলি খেলোয়াড় হিসেবে দলে থাকলেও এখনো সিপিএলে ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। বাংলাদেশের এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে না থাকায় সিপিএলের বাকি অংশে আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।
দেশবার্তা/এমআর