কুমিল্লার বরুড়ায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে জুনাইরা ও তাসলিমা নামে ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাকপুর ইউনিয়নের কাছিঁয়া পুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা ওই গ্রামের জসিম উদ্দিনের কন্যা।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে খেলাধুলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পাশের একটি ডোবায় পড়ে যায় দুই বোন। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। পরে ডোবার পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই শিশুকে হারিয়ে পরিবারটিতে শোকের মাতম চলছে। তাদের আকস্মিক মৃত্যুতে পুরো কাছিঁয়া পুকুরিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ঘটনাটি আনুষ্ঠানিকভাবে কেউ থানায় জানায়নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।
প্রতিনিধি/একে