সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন’ এর ৫৬ নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেছেন।
সোমবার রাত ৯টায় পাটকেলঘাটা মহসিন মার্কেটস্থ যুবদল কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন স্থানীয় ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে যুক্ত হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
টেলি কনফারেন্সে তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও জাতীয়তাবাদী ভাবধারায় উজ্জীবিত হয়ে বিএনপির তারেক রহমানের ঘোষিত দেশ পুনর্গঠন ও উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি, আগামী দিনে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তালা উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা বক্তব্য দেন।
বক্তারা দাবি করেন, বিরোধী দলে সঠিক মূল্যায়নের অভাবে অসন্তোষ থেকে এ যোগদান। এর মাধ্যমে এই অঞ্চলের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ রিজভী আহমেদ, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি মকবুল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল হোসেন ও কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে