মোংলা-ঢাকা রুটে এক জোড়া আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ের মাসিক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
সভায় মোংলা-ঢাকা রুটে এক জোড়া আন্তঃনগর ট্রেন পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ট্রেন দুটি কবে থেকে চালু হবে, সে বিষয়ে কার্যবিবরণীতে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি।
এ ছাড়া জামালপুর এক্সপ্রেসকে সার্কুলার রুটে পরিচালনার বিষয়ে নিরীক্ষাপূর্বক মতামত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। নরসিংদী কমিউটার ট্রেনের রেক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত এক জোড়া কমিউটার ট্রেন পরিচালনার বিষয়েও মতামত দিতে বলা হয়েছে।
সভায় নাজিরহাট লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও হয়।