গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার বিকেল থেকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া, ফুলবাড়ি ইউনিয়নের হাতিয়াদহসহ বিভিন্ন এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
পরে সন্ধ্যা ৭টার দিকে বিশ্বনাথপুর এলাকায় আরেকটি ড্রেজার মেশিন ধ্বংস করতে যায় ভ্রাম্যমাণ আদালতের দল। এ সময় স্থানীয় কয়েকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করেন। একপর্যায়ে ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও গাছের ডাল ছোড়া হয়।
হামলায় রাজু শেখ নামে ভ্রাম্যমাণ আদালতের এক শ্রমিক গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ইউএনওসহ অন্য সদস্যদের নিরাপদে সরিয়ে নিতে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান ও অতিরিক্ত পুলিশ সদস্যরা সেখানে পৌঁছান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের নিরাপদে উদ্ধার করে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, দীর্ঘদিন ধরে করতোয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েকটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। বিশ্বনাথপুর এলাকায় অভিযানে গেলে তাঁদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালানো হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশবার্তা/এমআর