দুই যুগেরও বেশি সময় পর পাকিস্তানের মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা সাফ গেমসের আসর। ২০২৭ সালের ৪ থেকে ১১ এপ্রিল পাকিস্তানে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানিয়েছে ভারত।
সোমবার দ্য নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ বলেন, দক্ষিণ এশিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশনের উচ্চপর্যায়ের বৈঠকে ভারতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার আমন্ত্রণ পাওয়ার পর তারা নীতিগতভাবে সম্মতি জানিয়েছে।
তিনি জানান, ভারতের প্রতিনিধি দলের বিস্তারিত তথ্য আগামী বছরের জানুয়ারিতে পাওয়া যাবে।
ভারতের অংশগ্রহণের সিদ্ধান্তকে এবারের সাফ গেমসের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও ক্রীড়া ক্ষেত্রে ভারতের অংশগ্রহণের সম্মতি প্রতিযোগিতাটিকে বাড়তি গুরুত্ব দিয়েছে।
এদিকে সাফ গেমস আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে আয়োজনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে।
আন্তর্জাতিক মানের ক্রীড়া ভেন্যু, নিরাপত্তা, যাতায়াত, আবাসন ও চিকিৎসাসহ প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে কাজ করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
২০২৭ সালের সাফ গেমসে ২৮টি খেলায় প্রতিযোগিতা হওয়ার কথা রয়েছে। এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে।
২৩ বছর পর পাকিস্তানে
পাকিস্তান সর্বশেষ ২০০৪ সালে সাফ গেমস আয়োজন করেছিল। ওই বছরের ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল প্রতিযোগিতাটির নবম আসর।
এরপর দীর্ঘ বিরতির পর ২০২৭ সালে আবারও সাফ গেমসের আয়োজক হতে যাচ্ছে পাকিস্তান। ফলে ২৩ বছর পর দেশটির মাটিতে ফিরছে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় আঞ্চলিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা।