ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের বেন শেলটন। পাঁচ সেটের দারুণ লড়াই শেষে ক্যারিয়ারে প্রথমবারের মতো আলকারাজকে হারানোর কীর্তি গড়েছেন তিনি।
এর আগে দুই খেলোয়াড়ের তিনবারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই জয় পেয়েছিলেন আলকারাজ।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে শুরু থেকেই জমে ওঠে দুই তারকার লড়াই। প্রথম সেট টাইব্রেকারে ৭-৬ (৭-৫) গেমে জিতে এগিয়ে যান আলকারাজ। তবে পরের দুই সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৬-১ ও ৬-৩ গেমে জয় তুলে নেন শেলটন।
চতুর্থ সেটে ৬-১ গেমে জিতে ম্যাচে সমতা ফেরান আলকারাজ। এরপর পঞ্চম সেটেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। সেটটি ৬-৬ ব্যবধানে শেষ হলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ১০-৭ ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন শেলটন।
পরিসংখ্যানেও শেলটনের দাপট স্পষ্ট। বিশেষ করে সার্ভিসে আলকারাজকে বেশ চাপে রাখেন তিনি। ম্যাচে শেলটনের অ্যাস ছিল ৭টি, যেখানে আলকারাজের অ্যাস ৩টি। ডাবল ফল্টেও এগিয়ে ছিলেন শেলটন। তিনি করেছেন ২টি, আর আলকারাজের ডাবল ফল্ট ৭টি।
ব্রেক পয়েন্ট কাজে লাগানোর ক্ষেত্রেও এগিয়ে ছিলেন শেলটন। ১৬টি ব্রেক পয়েন্টের সুযোগ থেকে ৫টি কাজে লাগান তিনি। বিপরীতে ১১টি ব্রেক পয়েন্টের মধ্যে ৩টি কাজে লাগাতে সক্ষম হন আলকারাজ।
ফাইনালের পথে আগামী শনিবার একই মাঠে নিজ দেশের ফ্রান্সেস টিয়াফোর বিপক্ষে সেমিফাইনালে খেলবেন শেলটন।
দেশবার্তা/এমআর