ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে দারুণ লড়াইয়ের পর সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন আরিনা সাবালেঙ্কা। নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে লিন্ডা নোসকোভার কঠিন চ্যালেঞ্জ সামলে ৭-৬ (৭-১), ৩-৬, ৭-৬ (১০-৭) গেমে জয় পেয়েছেন দ্বিতীয় বাছাই এই বেলারুশিয়ান তারকা।
এই জয়ের ফলে টানা ষষ্ঠবার ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন সাবালেঙ্কা। একই সঙ্গে টুর্নামেন্টটিতে টানা ১০টি টাইব্রেক জয়ের রেকর্ডও গড়েছেন তিনি।
প্রথম সেটের শুরুটা সাবালেঙ্কার পক্ষেই ছিল। নোসকোভার প্রথম সার্ভিস গেমেই ব্রেক করে ৫-২ গেমে এগিয়ে যান তিনি। তবে সেট জয়ের দ্বারপ্রান্তে গিয়ে নিজের সার্ভিস হারান সাবালেঙ্কা। শেষ পর্যন্ত টাইব্রেকে ৭-১ ব্যবধানে জিতে প্রথম সেট নিজের করে নেন তিনি।
দ্বিতীয় সেটে ম্যাচে ফেরেন নোসকোভা। এই সেটে তিনটি ব্রেক পয়েন্ট পেয়েও কাজে লাগাতে পারেননি সাবালেঙ্কা। ষষ্ঠ গেমে ডাবল ফল্টে সার্ভ হারানোর পর ৬-৩ গেমে সেট জিতে ম্যাচে সমতা ফেরান চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়টি।
নির্ধারক সেটেও দুই খেলোয়াড়ের মধ্যে জমে ওঠে তীব্র লড়াই। একপর্যায়ে ২-৪ গেমে পিছিয়ে পড়েন সাবালেঙ্কা। সেখান থেকে টানা তিন গেম জিতে ঘুরে দাঁড়ান তিনি। শেষ পর্যন্ত এই সেটও গড়ায় টাইব্রেকে। সেখানে ১০-৭ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন সাবালেঙ্কা। ম্যাচের শেষ পয়েন্টটি আসে দ্বিতীয় সার্ভে তাঁর দারুণ এক এস দিয়ে।
ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, ‘কী অসাধারণ লড়াই! সে অবিশ্বাস্য একজন খেলোয়াড়। এই মুহূর্তে আমি সত্যিই নির্বাক। বিশেষ করে তৃতীয় সেটে নিজেকে সীমার শেষ প্রান্ত পর্যন্ত ঠেলে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘তৃতীয় সেটের এক পর্যায়ে আমার মনে হচ্ছিল, সব শেষ। ম্যাচটা সম্ভবত চলে যাচ্ছে। কিন্তু ওই ভাবনাটাই আমাকে কিছুটা স্বচ্ছন্দ হতে সাহায্য করেছে। এরপর আমি শুধু শটগুলোতে আক্রমণ করতে চেয়েছি।’
সেমিফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ তৃতীয় বাছাই জেসিকা পেগুলা। কোয়ার্টার ফাইনালে এমা নাভারোকে ৩-৬, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন পেগুলা।
পুরুষ এককেও নাটকীয় প্রত্যাবর্তনে সেমিফাইনালে উঠেছেন ফ্রান্সিস টিয়াফো। দুই সেট ও এক ব্রেক পিছিয়ে থেকেও স্বদেশি অ্যালেক্স মিকেলসেনকে ৫-৭, ৩-৬, ৭-৫, ৬-৩, ৭-৬ (১০-৬) গেমে হারিয়েছেন ১১তম বাছাই টিয়াফো।
দেশবার্তা/এমআর