ভারতের ঘরোয়া ক্রিকেটে নতুন সহযোগী অংশীদার হিসেবে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপলিকেশন চ্যাটজিপিটি। কাম্পা ও এসবিআই লাইফের সঙ্গে মিলে আগামী দুই ঘরোয়া মৌসুমে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সহযোগী অংশীদার হয়েছে প্রতিষ্ঠানটি। তিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সম্মিলিত মূল্য ১৩০ কোটি রুপির বেশি।
মঙ্গলবার বিসিসিআই জানায়, আগামী দুই ঘরোয়া মৌসুমের জন্য চ্যাটজিপিটিসহ তিন প্রতিষ্ঠানকে সহযোগী অংশীদার হিসেবে যুক্ত করা হয়েছে।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারতের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে এই চুক্তির কার্যক্রম শুরু হবে। অংশীদারত্বটি ২০২৮ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, নতুন তিন অংশীদারের চুক্তির সম্মিলিত মূল্য ১৩০ কোটি রুপির বেশি। আগের চক্রের তুলনায় এই ৪৪ শতাংশ বৃদ্ধি ভারতের ঘরের মাঠের ক্রিকেটের বাণিজ্যিক আকর্ষণ ও ক্রমবর্ধমান বাজারমূল্যকেই তুলে ধরছে।
চ্যাটজিপিটিকে নতুন অংশীদার হিসেবে যুক্ত করার ঘোষণা এমন সময়ে এলো, যখন কয়েক দিন আগেই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেছে বিসিসিআই।
ওই বৈঠকে পরবর্তী চক্র থেকে আরও পরিকল্পিত ফিউচার ট্যুর প্রোগ্রাম তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে ক্রিকেটারদের ওপর বাড়তে থাকা চাপ ও ইনজুরির বিষয়টিও সেখানে গুরুত্ব পেয়েছে।
বিসিসিআইয়ের পরিকল্পনায় রয়েছে সিরিজগুলোর মধ্যে ক্রিকেটারদের জন্য আরও বেশি বিশ্রামের সুযোগ রাখা। পাশাপাশি বিদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়দের পর্যাপ্ত সময় দেওয়ার ওপরও জোর দেওয়া হচ্ছে।
দেশবার্তা/এমআর