বিগ ব্যাশ লিগে (বিবিএল) নতুন চুক্তি কাঠামো চালুর পর বিদেশি ক্রিকেটাররাই বেশি সুবিধা পাচ্ছেন বলে মনে করেন অ্যাডাম জাম্পা। গত মাসে বিদেশি খেলোয়াড়দের ড্রাফট ব্যবস্থা তুলে দেওয়ার পাশাপাশি বেতনসীমার অর্থ খরচে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আরও স্বাধীনতা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আগামী মৌসুমের জন্য হোবার্ট হারিকেনসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন জাম্পা। মেলবোর্ন রেনেগেডস ছেড়ে নতুন দলে যোগ দেওয়া ৩৪ বছর বয়সী এই লেগস্পিনারের মতে, ড্রাফট ব্যবস্থা উঠে যাওয়ায় নির্দিষ্ট বিদেশি ক্রিকেটারদের পেছনে আরও বেশি অর্থ ব্যয়ের সুযোগ তৈরি হয়েছে।
জাম্পা বলেন, ‘স্থানীয় খেলোয়াড়েরা আশা করছিলেন, পরিবর্তনগুলো তাদের পক্ষে যাবে। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি সেভাবে হয়নি। আমার মনে হয়, বিদেশি খেলোয়াড়রাই এখনো সুবিধার দিকটায় আছে।’
আগামী ১২ ডিসেম্বর শুরু হবে বিবিএলের নতুন মৌসুম। এরই মধ্যে বড় চুক্তিতে অ্যাডিলেড স্ট্রাইকার্সে যোগ দিয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। গত মৌসুমে পার্থ স্কর্চার্সের হয়ে দারুণ পারফর্ম করা ফিন অ্যালেনও বড় চুক্তি পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার বিবিএলকে বেসরকারি মালিকানায় দেওয়ার অনুমোদন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। জাম্পার সাবেক দল মেলবোর্ন রেনেগেডসই হতে যাচ্ছে প্রথম বিক্রি হওয়া ফ্র্যাঞ্চাইজি।
নতুন মালিকানা ও বিনিয়োগের ফলে স্থানীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্যও আরও সমান সুযোগ তৈরি হবে বলে আশা করছেন জাম্পা।
দেশবার্তা/এমআর