পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের কারাবাস ও শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে সাবেক ক্রিকেটারদের উদ্বেগ। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ৭৩ বছর বয়সী এই সাবেক অলরাউন্ডারের মানবিক দিক বিবেচনার আহ্বান জানিয়ে এবার সরব হয়েছেন অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়ক।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়করা দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন। চিঠিতে স্বাক্ষরকারী সাত সাবেক অধিনায়ক হলেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর এবং স্টিভ ওয়াহ।
চিঠিতে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করে জানান, কূটনীতিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়; বরং ক্রিকেট অধিনায়ক হিসেবে সহকর্মীর প্রতি দায়িত্ববোধ থেকেই তারা এ পদক্ষেপ নিয়েছেন।
তারা লিখেছেন, ‘জনাব খানের বিরুদ্ধে চলা আইনি বা রাজনৈতিক মামলার বিষয়ে কোনো পক্ষ নিচ্ছে না এই দল। রাজনীতি যা-ই হোক না কেন, এটি মানবতার মৌলিক বিষয়।’
এর আগে গত ২৩ আগস্ট ইমরান খানের উন্নত চিকিৎসা ও মানবিক আচরণের অনুরোধ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে একটি চিঠি পাঠান বিশ্বের ২২ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক।
ওই চিঠিতে সই করেছিলেন মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইক ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রাউস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইটের মতো কিংবদন্তিরা। এছাড়া নারী ক্রিকেটের দুই বিশিষ্ট মুখ বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েলও এতে যুক্ত ছিলেন।
পরবর্তীতে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স, পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, মঈন খান এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা ও মাইকেল হোল্ডিং ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে প্রকাশ্যে শঙ্কা প্রকাশ করেন।
উল্লেখ্য, ক্রিকেট মাঠের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে রাজনীতিতে আসেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই শীর্ষ নেতা। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক দুর্নীতি ও রাজনৈতিক মামলায় অভিযুক্ত হয়ে বর্তমানে প্রায় সাড়ে তিন বছর ধরে তিনি কারাবন্দি রয়েছেন।
দেশবার্তা/একে