শ্রীলঙ্কার বিপক্ষে নারী এশিয়া কাপের সেমিফাইনালে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় পাকিস্তান নারী ক্রিকেট দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক ওভার পিছিয়ে থাকার অপরাধে পাকিস্তান দলের প্রত্যেক সদস্যের ম্যাচ ফির ৫ শতাংশ করে কেটে নেওয়া হবে।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম সম্পন্ন করায় এই শাস্তি দেওয়া হয়েছে।
মাঠের আম্পায়ার বৃন্দা রাঠি ও শাথিরা জাকির জেসি, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনেন। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
জরিমানার পাশাপাশি সেমিফাইনালের ফলও হতাশ করেছে পাকিস্তানকে। শ্রীলঙ্কার কাছে চার উইকেটে হেরে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ওঠার সুযোগ হারায় তারা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে। ইনিংসের শেষ দিকে অধিনায়ক ফাতিমা সানা কার্যকর ব্যাটিং করেন। ৩৬ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা মারেন তিনি।
১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে পাকিস্তানি বোলারদের চাপে পড়লেও শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের করে নেয় শ্রীলঙ্কা। ফাতিমা সানা চার উইকেট নিয়ে পাকিস্তানকে লড়াইয়ে রাখলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।
১৮ দশমিক ৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। এই জয়ে ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত।
দেশবার্তা/এমআর