বিবাহবিচ্ছেদের পর নতুন করে প্রেমে পড়ার গুঞ্জন ছড়িয়ে উঠলেও তা সরাসরি নাকচ করে দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। বর্তমানে তিনি পুরোপুরি একা বা ‘সুপার সিঙ্গেল’ উল্লেখ করে জানান, গুঞ্জন নয়- কেবল মানসিক মিল ও গভীর ভালোবাসাই পারে তাকে নতুন কোনো সম্পর্কের সিদ্ধান্ত নিতে বাধ্য করতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান সম্পর্কের অবস্থান ও ভবিষ্যৎ সঙ্গী সম্পর্কিত ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন এই গায়িকা। কনা প্রেম করছেন- এমন খবর কতটুকু সত্যি জানতে চাইলে তিনি স্পষ্টভাবে বলেন, ‘রিউমার। আমি এখন সুপার সিঙ্গেল।’
ভবিষ্যতে সঙ্গী হিসেবে কেমন মানুষ প্রত্যাশা করেন- এমন প্রশ্নের জবাবে নিজের ভালোলাগার কথা জানিয়ে কনা বলেন, ‘আমি এমন একজন মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে। একদম কনার মতো আরেকজন মানুষ, যে শুধু আমার সঙ্গেই থাকবে।’ সাক্ষাৎকার থেকে স্পষ্ট হয়, আপাতত কোনো সম্পর্কে না থাকলেও ভবিষ্যৎ জীবনসঙ্গীর ক্ষেত্রে ভালোবাসা, মানসিক মিল ও একনিষ্ঠতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান তিনি।
এর আগে গত বছরের জুনে নিজের বিবাহবিচ্ছেদের খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেন এই সংগীতশিল্পী। গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকে বিভিন্ন সময় কনার নতুন প্রেম নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও শুরু থেকেই সেগুলোকে ভিত্তিহীন বলে আসছেন তিনি।
২০২৫ সালের জুনে বিচ্ছেদের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনা লিখেছিলেন, ‘জন্ম, মৃত্যু, বিয়ে-সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তাঁরই ইশারায়। আমার সব শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।’
উল্লেখ্য, দীর্ঘদিনের পরিচয়ের পর ২০১৯ সালে ব্যবসায়ী গোলাম মোহাম্মাদ ইফতেখারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কনা। ছয় বছর সংসার করার পর গত বছর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে তাদের। পুরনো সম্পর্ক পেছনে ফেলে গানে মনোযোগ দেওয়ার পাশাপাশি জীবনে নতুন করে ভালোবাসা খুঁজে নেওয়ার পথও খোলা রাখছেন এই গায়িকা।
দেশবার্তা/একে