গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ে একটি পালসার মোটরসাইকেলের ট্যাংকি ও সিটের নিচ থেকে ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তল্লাশির সময় মোটরসাইকেল ফেলে রেখে চালক পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো পুরাতন জেলখানা মোড়ে রুটিন দায়িত্ব পালন করছিল ট্রাফিক পুলিশ। সকাল সাড়ে ৯টার দিকে সন্দেহজনক একটি পালসার মোটরসাইকেলকে থামার সংকেত দেন কর্তব্যরত ট্রাফিক টিএসআই হযরত আলী ও গৌতম। সংকেত পেয়ে চালক কিছুটা সামনে গিয়ে মোটরসাইকেলটি রাস্তায় ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।
পরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাফিক পুলিশ ও উপস্থিত লোকজনের সামনে মোটরসাইকেলটির সিট খোলে। এ সময় কালো পলিথিনে মোড়ানো কয়েকটি গাঁজার প্যাকেট পাওয়া যায়। পরে মোটরসাইকেলের ট্যাংকি ও পাশের কভারের ভেতর ঠাসাঠাসি করে রাখা আরও গাঁজা উদ্ধার করা হয়। পরে সেগুলোর ওজন করে ৬ কেজি ৪৫০ গ্রাম পাওয়া যায়।
টিআই এডমিন আলতাফ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় জেলা শহরকে যানজটমুক্ত রাখা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ট্রাফিক সদস্যরা আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় পুরাতন জেলখানা মোড়ে গাঁজা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোটরসাইকেলের চালককে শনাক্তের চেষ্টা চলছে।
প্রতিনিধি/আরএইচ