ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মোটরসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান কর্মচারীদের হাতে গাড়ির চাবি দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, “কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল প্রদানের মাধ্যমে নাগরিক সেবা আরও সহজ হবে। যেসব কর্মকর্তা-কর্মচারী মোটরসাইকেল পেয়েছেন তারা ঢাকার মশক নিয়ন্ত্রণ ,পরিষ্কার পরিচ্ছন্ন ও ড্রেন ব্যবস্থার সেবা প্রদান করবেন।
“যেসব রাস্তায় গাড়ি প্রবেশ করে না সেখানে সহজে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করা যায় এবং এই মোটরসাইকেলের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিক সেবা আরও দ্রুত ও উন্নত করা যাবে।”
উল্লেখ্য, মোটরসাইকেল বরাদ্দ নীতিমালা অনুযায়ী ২১ জন কর্মকর্তা-কর্মচারী অনুকূলে হায়ার পারচেজের ভিত্তিতে ভিত্তিতে ৪৮ লক্ষ টাকা ব্যয় ২১টি মোটরসাইকেল ক্রয় করা হয়।
এই কর্মসূচির আওতায় রাজস্ব বিভাগের ৭ জন, স্বাস্থ্য বিভাগের ৬ জন, প্রকৌশলী বিভাগে ৪ জন, সচিব দফতরে ২ জন, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১ জন ও প্রশাসক দফতরের ১ জন মোটরসাইকেল পেয়েছেন। কর্মচারীরা ১২০ কিস্তি ঋণ পরিশোধের পর তারা নিজেদের নামে মোটরসাইকেল নিতে পারবেন।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েসসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/এমআর