রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) নগরীর অলকার মোড় এলাকার একটি পিজ্জা রেস্টুরেন্টে দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, রাজশাহী জেলা আহ্বায়ক এম. এ. সবুর, সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু, যুগ্ম আহ্বায়ক জিয়া উর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ মখদুম মিলন ও মোরশেদসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন ইমরান ইমন, এম. এ. সবুর ও নাহিদুল ইসলাম সাজু। এ সময় অন্য নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য দেন।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তিনি সংবিধান সংস্কার পরিষদ, সাত মাসে তিনবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সারসংক্রান্ত সমস্যা, শিশু নিখোঁজ ও নিরাপত্তা, মাদকের বিস্তার, দখল-লুটপাট, রাজশাহীর ছাত্রসংগঠন, স্থানীয় সরকার নির্বাচন এবং এনসিপির সাংগঠনিক বিস্তার নিয়ে কথা বলেন। এসব বিষয়ে কার্যকর উদ্যোগ ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাজশাহী জেলা আহ্বায়ক এম. এ. সবুর রাজশাহীর উন্নয়ন, নাগরিক সমস্যা ও জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় মানুষের প্রয়োজনকে উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
জেলা সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু স্থানীয় সমস্যা ও জনগণের প্রত্যাশা জাতীয় পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দেন। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ রাজশাহীর সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা ও নাগরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রতিনিধি/আরএইচ