সাতক্ষীরায় বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর আহমেদ শুভ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ সাতক্ষীরা শহরের থানাঘাটা এলাকার মো. আব্দুর রশীদ ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাতক্ষীরা বাইপাস সড়ক দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় শুভর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহত তানভীর আহমেদ শুভ থানাঘাটা ঈদগাহ মোড়ের ‘শুভ মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী ছিলেন। মাত্র ২০ বছর বয়সী এই তরুণ নম্র, ভদ্র ও সদালাপী হিসেবে এলাকায় পরিচিত ও জনপ্রিয় ছিলেন বলে জানান স্থানীয়রা।
তাঁর আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ‘‘বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’’
প্রতিনিধি/আরএইচ