জয়পুরহাট সদর উপজেলায় দরিদ্র কৃষকের প্রায় ৭০০ কলাগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। উপজেলার পুরানাপৈল ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফর রহমানের ৩৬ বছর বয়সী ছেলে কৃষক নূর মোহাম্মদের দেড় বিঘা জমির প্রায় সব কলাগাছেই থোড় ও কাঁচা কলা এসেছিল। এক রাতের মধ্যে গাছগুলো কেটে ফেলায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী কৃষক নূর মোহাম্মদ জানান, এনজিওসহ বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধলক্ষ টাকা ঋণ নিয়ে পাশের গতন শহর গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে কলাবাগান গড়ে তোলেন তিনি। মঙ্গলবার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে ফলন্ত কলাগাছগুলো কেটে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার বিকেলে জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
চোখের জল মুছতে মুছতে কৃষক নূর মোহাম্মদ বলেন, "দীর্ঘদিনের হাড়ভাঙা পরিশ্রম আর বুকভরা আশা নিয়ে এই বাগান গড়ে তুলেছিলাম। অধিকাংশ গাছেই থোড় এসেছিল, ঝুলছিল কাঁচা কলা। গত বছর ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল, এবার বাজার ভালো থাকায় আরও বেশি লাভের স্বপ্ন দেখছিলাম। কিন্তু এক রাতের অন্ধকারেই সব শেষ হয়ে গেল।"
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, কৃষক নূর মোহাম্মদ অভিযোগ দেওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধি/আরএইচ