বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী করতে ২০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৪৬০ কোটি টাকা) ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মাধ্যমে ঢাকার আশপাশের উপশহরের বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা, দক্ষতা ও দুর্যোগ-সহনশীলতা বাড়ানো হবে।
বুধবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহান্সমেন্ট প্রজেক্ট’ এর আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (বিআরইবি) সহায়তার অংশ হিসেবে এটি বাস্তবায়িত হবে। প্রকল্পের মাধ্যমে ঢাকার আশপাশের দ্রুত বর্ধনশীল শিল্প ও শহরাঞ্চলে সেবা দেওয়া ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) অবকাঠামো উন্নয়ন করা হবে। এর ফলে সাবস্টেশনে অতিরিক্ত লোড, পুরোনো অবকাঠামো, বিদ্যুৎ অপচয় এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সহায়তা মিলবে।
বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ আকর্ষণে আধুনিক বিদ্যুৎ বিতরণব্যবস্থা অপরিহার্য। এ প্রকল্প উন্নত প্রযুক্তি ও মজবুত অবকাঠামো ব্যবহারের মাধ্যমে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর বিদ্যুৎ ব্যবস্থাকে ভবিষ্যতের উপযোগী করে তুলবে।
প্রকল্পের আওতায় ৫২টি সাবস্টেশনে ১,১৫০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার ক্ষমতার নতুন ট্রান্সফরমার স্থাপন এবং বিদ্যমান ১২টি সাবস্টেশনের সক্ষমতা ১১৫ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার বাড়ানো হবে। পাশাপাশি ২,৬০০ কিলোমিটারেরও বেশি উপরিভাগ ও ভূগর্ভস্থ বিতরণ লাইন নির্মাণ বা উন্নয়ন করা হবে। ব্যবস্থাটি আধুনিকায়নে নদী-পারাপারের সঞ্চালন কাঠামো, সুইচিং স্টেশন এবং দ্রুত ত্রুটি শনাক্তে ৯০০টি 'ফল্ট লোকেটর সেট' স্থাপন করা হবে।
২০২২ সালে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়ন অর্জন করলেও দ্রুত নগরায়ণ ও শিল্পায়নে সরবরাহের ওপর চাপ সৃষ্টি হয়েছে। নতুন উদ্যোগে পরিবেশবান্ধব ‘গ্যাস-ইনসুলেটেড সুইচগিয়ার’ প্রযুক্তির মতো ব্যবস্থার ফলে কারিগরি অপচয় কমবে এবং বার্ষিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ প্রায় ২ লাখ ৩ হাজার ৭৫১ টন কমানো সম্ভব হবে।
এই প্রকল্পে এডিবির পাশাপাশি বাংলাদেশ সরকার ১০ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ডলার এবং বিআরইবি ১৪ কোটি ১৩ লাখ ৯০ হাজার ডলারের সহ-অর্থায়ন করবে। এছাড়া ‘রিপাবলিক অফ কোরিয়া ই-এশিয়া অ্যান্ড নলেজ পার্টনারশিপ ফান্ড’ থেকে ১০ লাখ ডলারের কারিগরি সহায়তা অনুদান হিসেবে দেওয়া হবে।
দেশবার্তা/একে