পরিবেশবান্ধব শিল্পায়ন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশ নিয়েছে এনসিসি ব্যাংক। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পৃথক দুটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।
চুক্তি অনুযায়ী, এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং এবং গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এবং ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়নকল্পে পুনঃঅর্থায়ন স্কিম’ এর আওতায় অর্থায়ন করবে। প্রতিটি স্কিমে ১,০০০ কোটি টাকা করে মোট ২,০০০ কোটি টাকার তহবিল রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ইভিপি ও সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং বিভাগের প্রধান নিঘাত মমতাজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে নতুন পরিবেশবান্ধব কারখানা নির্মাণ, গ্রিন ইন্ডাস্ট্রি স্থাপন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন করা হবে। পাশাপাশি বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আরও পরিবেশবান্ধব ও সম্পদ-দক্ষ উৎপাদন ব্যবস্থায় রূপান্তরিত করতেও এ ঋণ সহায়তা দেবে।
সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ টেকসই অর্থায়নের পরিধি বাড়ানোর পাশাপাশি শিল্পখাতের কার্বন ফুটপ্রিন্ট কমাতে কার্যকর ভূমিকা রাখবে। পরিবেশবান্ধব প্রযুক্তি ও জ্বালানি-সাশ্রয়ী অবকাঠামোয় বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশের শিল্পায়নে পরিবেশসম্মত প্রবৃদ্ধি নিশ্চিত করতে সহায়তা করবে এই পুনর্অর্থায়ন।
দেশবার্তা/একে