১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৯৮৩ কোটি টাকা

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

দেশের কৃষি খাতের জন্য কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার আমদানির

2026-09-23T15:30:02+06:00
2026-09-23T15:30:02+06:00
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৯৮৩ কোটি টাকা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩০ পিএম 
সংগৃহীত ছবি
দেশের কৃষি খাতের জন্য কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার আমদানির চারটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রাষ্ট্রীয় ও সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে এসব সার আমদানি করা হবে। এর মধ্যে কানাডা ও রাশিয়া থেকে ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) এবং সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আসবে। সব মিলিয়ে এসব সার কিনতে সরকারের ব্যয় হবে ৯৮২ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৭০০ টাকা। এ অর্থ কৃষি ভর্তুকির জন্য বরাদ্দ বাজেট থেকে পরিশোধ করা হবে।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সার আমদানির প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।

অনুমোদিত চারটি প্রস্তাবের মধ্যে কানাডা থেকে দুই লটে ৮০ হাজার মেট্রিক টন এমওপি, রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি এবং সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি আমদানি করা হবে। এর মধ্যে কানাডা ও রাশিয়া থেকে আমদানি করা এমওপি সারের প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার। সৌদি আরব থেকে আমদানি করা ডিএপির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি মেট্রিক টন ৮৮৫ মার্কিন ডলার।

কানাডা থেকে ৮০ হাজার টন এমওপি

কানাডার কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে জি-টু-জি পদ্ধতিতে এমওপি সার আমদানির দুটি প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। তৃতীয় ও চতুর্থ লটে ৪০ হাজার মেট্রিক টন করে মোট ৮০ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে।

প্রতিটি লটে ৪০ হাজার মেট্রিক টন এমওপি আমদানিতে ব্যয় হবে ১৮৯ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা। ফলে দুই লটে মোট ব্যয় দাঁড়াবে ৩৭৯ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ২০০ টাকা।

প্রস্তাব অনুযায়ী, প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার। প্রতিটি লটের সার আমদানির মূল্য ১ কোটি ৫৩ লাখ ৫২ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৮৯ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা।

কানাডা থেকে এমওপি সার আমদানির প্রস্তাব এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে নীতিগত অনুমোদন পেয়েছিল। আগের চুক্তির কার্যক্রম শেষ হওয়ায় কমিটির অনুমোদন নিয়ে গত ১৩ আগস্ট চুক্তিটি পুনরায় নবায়ন করা হয়। চুক্তিতে নির্ধারিত প্রাইসিং ফর্মুলা অনুসরণ করে বর্তমান আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে তৃতীয় ও চতুর্থ লটের সারের মূল্য নির্ধারণ করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে বিএডিসির এমওপি সার আমদানির লক্ষ্যমাত্রা ৭ লাখ ১৬ হাজার মেট্রিক টন। এর মধ্যে কানাডা থেকে ৬ লাখ মেট্রিক টন এমওপি আমদানির পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত কানাডা থেকে ৮০ হাজার মেট্রিক টন এমওপি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রাশিয়া থেকে ৩৫ হাজার টন

রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রডিনটর্গ) থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের সপ্তম লটে ৩৫ হাজার (+১০ শতাংশ) মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

এতে সরকারের ব্যয় হবে ১৬৫ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা। সারের মোট আমদানি মূল্য ১ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার। প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার।

রাশিয়া থেকে এমওপি সার আমদানির প্রস্তাব এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় নীতিগত অনুমোদন পেয়েছিল। পূর্ববর্তী চুক্তির কার্যক্রম শেষ হওয়ায় গত ২৪ মে চুক্তিটি পুনরায় নবায়ন করা হয়। ওই চুক্তির প্রাইসিং ফর্মুলা অনুসরণ করে আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে সপ্তম লটের সারের মূল্য নির্ধারণ করা হয়েছে।

চলতি অর্থবছরে বিএডিসির রাশিয়া থেকে এমওপি সার আমদানির লক্ষ্যমাত্রা ৫ লাখ ৯৫ হাজার মেট্রিক টন। এরই মধ্যে দেশটি থেকে ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হয়েছে।

সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি

সৌদি আরবের মা’আদেন থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ২০২৬ সালের চতুর্থ লটে ৪০ হাজার (+১০ শতাংশ) মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এই সার আমদানিতে সরকারের ব্যয় হবে ৪৩৭ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা। মোট আমদানি মূল্য ৩ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার। প্রতি মেট্রিক টন ডিএপি সারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৮৫ মার্কিন ডলার।

বিএডিসি সৌদি আরব থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির মাধ্যমে ডিএপি সার আমদানি করে থাকে। ২০২৫ ও ২০২৬ সালের ডিএপি সার আমদানির জন্য ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বিএডিসি ও সৌদি আরবের মা’আদেনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে নির্ধারিত প্রাইসিং ফর্মুলার ভিত্তিতে বর্তমান আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী চতুর্থ লটের সারের মূল্য নির্ধারণ করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে বিএডিসির ডিএপি সার আমদানির লক্ষ্যমাত্রা ৯ লাখ ৯১ হাজার মেট্রিক টন। এর মধ্যে সৌদি আরব থেকে ৬ লাখ মেট্রিক টন ডিএপি আমদানির পরিকল্পনা রয়েছে।

কৃষি ভর্তুকির অর্থে আমদানি

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদিত চারটি প্রস্তাবের আওতায় মোট ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে। এর মধ্যে কানাডা থেকে ৮০ হাজার টন এমওপি আমদানিতে ৩৭৯ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ২০০ টাকা, রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি আমদানিতে ১৬৫ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা এবং সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি আমদানিতে ৪৩৭ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা ব্যয় হবে।

সব মিলিয়ে ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার আমদানিতে সরকারের মোট ব্যয় দাঁড়াচ্ছে ৯৮২ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৭০০ টাকা। আমদানির এই অর্থ কৃষি ভর্তুকির জন্য বরাদ্দ বাজেট থেকে পরিশোধ করা হবে।

রাষ্ট্রীয় ও জি-টু-জি পদ্ধতিতে সার আমদানির মাধ্যমে অনুমোদিত এসব চালান বাস্তবায়নের দায়িত্বে থাকবে বিএডিসি। আন্তর্জাতিক বাজারদর এবং সংশ্লিষ্ট চুক্তির প্রাইসিং ফর্মুলা অনুসরণ করেই কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে আমদানি করা সারের মূল্য নির্ধারণ করা হয়েছে।

দেশবার্তা/এসআইএস/একে


সর্বশেষ সংবাদ 

হাম উপসর্গে একদিনে রেকর্ড ১১ জনের মৃত্যু
শ্রাবণের মেঘ গানের ভাইরাল বিউটি পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
বিএনপি-সমর্থিত কোম্পানি ল’ আইনজীবী ফোরামের ৫১ সদস্যের কমিটি গঠন
পরিবেশবান্ধব ও তথ্যপ্রযুক্তি খাতে এনসিসি ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

সর্বাধিক পঠিত 

রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষিতে বড় ধাক্কা
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
ভুলত্রুটি হলে ‘ক্ষমা’ চাইলেন স্বস্তিকা
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]