‘জরুরি’ ধারায় ইসলামী ব্যাংকে এস আলমের নিয়োগ কেলেঙ্কারি

বিশেষ প্রতিনিধি

অর্থ-বাণিজ্য

ইসলামী ব্যাংকে বিগত ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সুনির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করেই ৮ হাজার ৫৪২

2026-09-23T16:26:43+06:00
2026-09-23T16:26:43+06:00
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
বিজ্ঞপ্তি ছাড়াই সাড়ে ৮ হাজার চাকরি
‘জরুরি’ ধারায় ইসলামী ব্যাংকে এস আলমের নিয়োগ কেলেঙ্কারি
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম 
ইসলামী ব্যাংকে বিগত ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সুনির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করেই ৮ হাজার ৫৪২ জনকে নিয়োগ দেওয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। জাতীয় দৈনিক পত্রিকায় কোনো বিজ্ঞপ্তি প্রকাশ কিংবা লিখিত পরীক্ষা ছাড়াই এসব নিয়োগ সম্পন্ন হয়। নিয়োগপ্রাপ্তদের একটি বড় অংশই চট্টগ্রামের, বিশেষ করে এস আলমের জন্মস্থান পটিয়ার বাসিন্দা।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক পরিদর্শন প্রতিবেদনে এ অনিয়মের তথ্য উঠে এসেছে। পরিদর্শন প্রতিবেদনটি ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের পর ব্যাংকের মালিকানা ও নিয়ন্ত্রণে পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিয়োগ নীতিমালায় পরিবর্তন আনা হয়। নীতিমালার ৭.০৪ ধারায় ‘জরুরি প্রয়োজন’ দেখিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বিজ্ঞপ্তি ছাড়াই এন্ট্রি লেভেল ও লেটারাল এন্ট্রি গ্রেডে কর্মী নিয়োগের বিশেষ ক্ষমতা দেওয়া হয়। তবে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে মূল নিয়োগবিধির ৭.০১ ধারাকে কার্যত উপেক্ষা করা হয়েছে।

পর্যবেক্ষণে বলা হয়, জরুরি পরিস্থিতিতে ব্যাংকের কার্যক্রম সচল রাখতে সাধারণত সীমিতসংখ্যক বিশেষায়িত পদে নিয়োগের সুযোগ থাকে। কিন্তু ইসলামী ব্যাংকে সেই বিধান ব্যবহার করে প্রবেশনারি পর্যায়েই ছয় হাজারের বেশি কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যা অস্বাভাবিক। তাছাড়া ওই সময়ে ব্যাংকে বড় ধরনের জনবল সংকট থাকারও কোনো প্রমাণ মেলেনি।

পরিদর্শনে পাওয়া তথ্য অনুযায়ী, এস আলমের নিয়ন্ত্রণকালে নিয়োগ পাওয়া কর্মীদের মধ্যে চট্টগ্রাম বিভাগের ৮ হাজার ৯৯ জন। এর মধ্যে ৫ হাজার ১৪৮ জনই পটিয়ার বাসিন্দা। 

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বিপুলসংখ্যক প্রার্থীর জীবনবৃত্তান্ত সংগ্রহের জন্য এস আলম গ্রুপের চেয়ারম্যানের পটিয়ার বাড়ি এবং চট্টগ্রামের আসাদগঞ্জ কার্যালয়ে বিভিন্ন ধরনের বাক্স রাখা হতো। এসব বাক্সে ‘পটিয়া জেনারেল’, ‘পটিয়া ক্যাশ’, ‘মহিলা-ক্যাশ’সহ বিভিন্ন পরিচয় লেখা থাকত। ওই বাক্সে জমা পড়া সিভি থেকে পছন্দের প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হতো।

শুধু সাধারণ কর্মী নয়, উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রেও নিয়োগ নীতিমালা অনুসরণ না করার তথ্য মিলেছে। ডিএমডি পদের জন্য ২০ বছরের অভিজ্ঞতার শর্ত থাকলেও এস আলমের ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিন মাত্র আট বছরের অভিজ্ঞতা নিয়ে ডিএমডি পদে পদোন্নতি পান।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “ব্যাংকের অভ্যন্তরীণ নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংক সরাসরি যুক্ত থাকে না। তবে ব্যাংক খাতের নিয়ন্ত্রক হিসেবে তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা ও নির্দেশনা দেওয়া হবে।”

বাংলাদেশ ব্যাংক ও বহিঃনিরীক্ষা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৭ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত নিয়োগ পাওয়া কর্মকর্তাদের জন্য বিশেষ দক্ষতা যাচাই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যাংক কর্তৃপক্ষ। তবে ৪ হাজার ৯৭২ জন কর্মকর্তা এই পরীক্ষা বয়কট করেন। ব্যাংক কর্তৃপক্ষ এই কর্মকাণ্ডকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে ৪ হাজার ৬৮৫ জনকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘সিএসকের ৫ ম্যাচ ফিক্সিং করে ৩ কোটি পেয়েছি’
জয়পুরহাটে ৭০০ কলাগাছ কেটে সাবাড়, দরিদ্র কৃষকের স্বপ্নভঙ্গ
পিরোজপুরে পূবালী ব্যাংকের CSR কর্মসূচিতে বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথ উদ্বোধন
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়ালো
হাম উপসর্গে একদিনে রেকর্ড ১১ জনের মৃত্যু

সর্বাধিক পঠিত 

রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
ভুলত্রুটি হলে ‘ক্ষমা’ চাইলেন স্বস্তিকা
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা, আজ থেকেই কার্যকর
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]