দূরপাল্লা ও নগর পরিবহণে বাস ভাড়া বৃদ্ধির এক দিন পরই সব ধরনের যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ২০ পয়সা করে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নৌপরিবহণ মালিকদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সড়ক ও নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি জানান।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সার্বিক ব্যবস্থাপনা খরচ বাড়ায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে সাধারণ যাত্রীদের চাপ কমানোর বিষয়টি বিবেচনায় নিয়ে ভাড়া ৭.৫৪ শতাংশ বাড়ানো হয়েছে।
সরকারের অবস্থান ব্যাখ্যা করে শেখ রবিউল আলম বলেন, ‘ভাড়া বৃদ্ধি আমাদের কাম্য নয়, তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে তেলের দাম বাড়াতে হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের নামে কোনো নৈরাজ্য বা তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কাউকে স্বেচ্ছাচারিতা করতে দেওয়া হবে না।’
এর আগে ডিজেলের দরবৃদ্ধির প্রেক্ষাপটে প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়ে নৌপরিবহণমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মালিকরা। তাতে প্রথম ১০০ কিলোমিটারে বর্তমান ২৯৫ পয়সার স্থলে ৪৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ২৫২ পয়সার জায়গায় ৪০২ পয়সা করার দাবি জানানো হয়েছিল। অন্যথায় জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের আহ্বান জানান তারা।
উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দূরপাল্লা ও মহানগরের বাসে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বাড়ায় সড়ক পরিবহণ মন্ত্রণালয়। সরকারি প্রাক্কলনে ২০ পয়সা বৃদ্ধির হিসাব আসলেও জনস্বার্থে ৩ পয়সা ছাড় দিয়ে ১৭ পয়সা করা হয়।
এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ার সময় বাস ভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে পূর্বের ২ টাকা ৫৩ পয়সা এবং দূরপাল্লার পথের ৫২ আসনের বাসের ২ টাকা ২৩ পয়সা ভিত্তিমূল্যের সঙ্গে অতিরিক্ত ১৭ পয়সা যুক্ত হয়ে নতুন তালিকা কার্যকর হবে।
দেশবার্তা/একে