নড়াইলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জেলা চুকবল টুর্নামেন্ট। বুধবার (২৩ সেপ্টেম্বর) নড়াইল চুকবল ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়। প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নড়াইলে চুকবল খেলাকে আরও জনপ্রিয় ও সম্প্রসারিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা ক্রীড়া কর্মকর্তা সাজিন ইসরাত জোহা। বিশেষ অতিথি ছিলেন নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শক্তিপদ বিশ্বাস।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন নড়াইল চুকবল ক্লাবের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক আশিকুর রহমান সৌরভ।
আয়োজকরা জানান, এ বছর স্বল্প পরিসরে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে নড়াইলে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ফাইনালে নড়াইল চুকবল ক্লাব ২৮-৬ পয়েন্টে বাশগ্রাম চুকবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিনিধি/আরএইচ