নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (IBWF) উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ‘ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্যবসা পরিচালনা, দক্ষতা বৃদ্ধি ও আধুনিক ব্যবসায়িক কৌশল সম্পর্কে ব্যবসায়ীদের ধারণা দিতে এ প্রশিক্ষণ ও সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নড়াইল জেলা শাখার সভাপতি মো. এমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুর রহমান, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সভাপতি আব্দুল মতিন, মো. জাকির হোসেন বিশ্বাস ও মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসা একটি সৎ ও সাহসী পেশা। দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের অবদান অপরিসীম। ব্যবসায়ীরা উদ্যোগী হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
তাঁরা বলেন, ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সুশৃঙ্খল করতে সঠিক প্রশিক্ষণ, সততা এবং পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ব্যবসায়ীরা আধুনিক ব্যবসায়িক কৌশল, দক্ষতা বৃদ্ধি ও ব্যবসা পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করবেন। এসব জ্ঞান তাঁদের ব্যক্তিগত ব্যবসার পাশাপাশি দেশের অর্থনীতিতেও দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নড়াইল জেলা শাখার সেক্রেটারি মিরাজুল ইসলাম।
প্রতিনিধি/আরএইচ