সিরাজগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, দৈনিক যমুনার কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর ড. সায়াদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান, রাশিদুজ্জোহা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক এবং সরকারি হাজী কোরপ আলী কলেজের সাবেক অধ্যক্ষ মুকতেল হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার বলেন, ‘দেশ আমাদের দায়িত্ব আমাদের।’ এ দায়িত্ব থেকেই ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার এ ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই, মেধাবী শিক্ষার্থীরা আরও বড় স্বপ্ন দেখুক এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তুলুক।
প্রতিনিধি/আরএইচ