সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, সংগ্রাম ও ডিবিরহাওর বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু ও মহিষ, মোবাইল ফোনের ডিসপ্লে, লেহেঙ্গা, কম্বল, কসমেটিকস, চকলেট, জিরা ও জুস। এসব চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ৬৮ লাখ ৬৮ হাজার ৮৬০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/আরএইচ