গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নে সার ও কীটনাশক ডিলারের চূড়ান্ত তালিকায় সাখাওয়াৎ হোসেনের নাম থাকার দাবি তুলে তাঁর ডিলারশিপ বাতিলের দাবি জানিয়েছেন পদুমশহর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য শাহিনুর ইসলাম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে শাহিনুর ইসলাম বলেন, সারা দেশে কৃষি মন্ত্রণালয়ের সার ও কীটনাশক ডিলার নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের চূড়ান্ত তালিকায় সাখাওয়াৎ হোসেনের নাম রয়েছে। তাঁর দাবি, সাখাওয়াৎ হোসেন পদুমশহর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
শাহিনুর ইসলাম আরও বলেন, সাখাওয়াৎ হোসেন ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা পরিষদ এবং ২০১৬ সালে জেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। এ ছাড়া ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপনের নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছেন।
অন্যদিকে, আওয়ামী লীগ সরকার আমলে আন্দোলনে সক্রিয় নেতা এবং ১২টি মামলায় কারা নির্যাতিত শাহিনুর ইসলাম ডিলার নিয়োগের তালিকা থেকে বাদ পড়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে শাহিনুর ইসলাম সার ডিলারের তালিকা থেকে সাখাওয়াৎ হোসেনের নাম বাতিলের জন্য গাইবান্ধা জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের প্রতি দাবি জানান।
এ সময় জেলা ওলামা দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোসলেম উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ