বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করায় লাইসেন্সবিহীন ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব অবৈধ প্ল্যাটফর্মে যেকোনো ধরনের আর্থিক লেনদেন করা এবং তাদের কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে সর্বসাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার এক সতর্কবার্তায় বাংলাদেশ ব্যাংক জানায়, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সেবা প্রদান করলে তা ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।
বাংলাদেশ ব্যাংকের তালিকায় থাকা অনুমোদনহীন ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম হলো- বহুদুরপে (BohudurPay), জিনিপে, পেটিলার, বেঙ্গলিপে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপেওয়ে, একে পে, বিডি পে, সাজগারপে, আস্থাপে বা সিপে, উদ্যোক্তাপে, ওয়ালেটমিক্স, বিটিটিপে, ইজি পে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজিপে, অটোপে লিমিটেড, বিশ্বস্ত ও পিপ্রাপে।
গ্রাহকদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনি ঝুঁকি এড়াতে এসব অনুমোদনহীন প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে যেকোনো কার্যক্রম পরিচালনা করা থেকেও সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
দেশবার্তা/একে