রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে আরও জোরালো ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি)।
একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ, অভিবাসন ও দক্ষ জনশক্তি নিয়ে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সংগঠনটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক এপিপিজির একটি প্রতিনিধি দলের সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
এপিপিজির চেয়ার ও ব্রিটিশ এমপি আফসানা বেগমের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এমপি শওকত আদম এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন।
সাক্ষাতে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে এপিপিজির আগ্রহের প্রশংসা করেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কার্যক্রমে যুক্তরাজ্য সরকারের সহযোগিতার বিষয়টি তুলে ধরে তিনি যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের অগ্রগতি ও বাস্তব পরিস্থিতি তুলে ধরতে এপিপিজির সহযোগিতা চান।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী এই সংকট এখন আর শুধু মানবিক সমস্যা নয়; এর সঙ্গে নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের মতো বৃহত্তর বিষয়ও যুক্ত হয়েছে। রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিনিধি দলটি আগামীকাল বুধবার (৭ অক্টোবর) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে জানিয়ে রোহিঙ্গাদের দুর্দশা মোকাবিলায় সমর্থনের আশ্বাস দেন এপিপিজির সদস্যরা। আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম এবং যুক্তরাজ্যের পার্লামেন্টে রোহিঙ্গাদের পক্ষে তাদের বক্তব্য অব্যাহত রাখা, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং টেকসই প্রত্যাবাসনের পক্ষে ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেন তারা।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় যোগাযোগ ও প্রতিনিধিদল বিনিময় জোরদারের পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণ, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষ জনশক্তি এবং মানবাধিকার নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয়পক্ষ আগ্রহ প্রকাশ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান মঙ্গলবার এসব তথ্য জানান।
দেশবার্তা/এমআর