| চলমান বার্তা: |

বাণিজ্য বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে। দুই দিনের এ বৈঠক আগামীকাল শুক্রবার শেষ হওয়ার কথা রয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বাধা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
বৈঠকে বাণিজ্যিক বিভিন্ন প্রতিবন্ধকতা, পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক এবং স্থলবন্দর-সংক্রান্ত বিষয়সহ দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন ইস্যু তুলে ধরবে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের সরকারি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলটি মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি হয়েছে এক হাজার ৯৬ কোটি ডলারের।
চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। দেশের শিল্প ও ব্যবসা খাতের জন্য ভারত থেকে বিভিন্ন ধরনের শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা ও তুলা আমদানি করা হয়।
দেশবার্তা/এমআর
