নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়া পট্টি এলাকার একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তর কুমার সাহা নামে এক যুবক ও তাঁর বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, গত ৭ অক্টোবর ল্যাপটপটি হারিয়ে যাওয়ার পর থেকেই পুলিশের কয়েকটি দল তা উদ্ধারে কাজ করছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) অন্তরের বাবা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নাটোর থেকে নওগাঁ যাওয়ার পথে মাধনগর স্টেশন এলাকায় একটি আসনের নিচে ল্যাপটপটি পান। পরে তিনি সেটি নিয়ে নওগাঁয় তাঁর শ্বশুরবাড়িতে যান এবং ছেলে অন্তরকে বিষয়টি জানান।
ল্যাপটপটি নিজের কাছে রেখে পরে বিষয়টি দেখার কথা বলেন অন্তর। পরবর্তীতে তাঁরা নাটোরে এলে পুলিশের দল তাঁদের অনুসরণ করে ল্যাপটপটি উদ্ধার করে। পুলিশ সুপার আরও জানান, ল্যাপটপ উদ্ধারের ঘটনায় অন্তর কুমার সাহা ও তাঁর বাবা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তবে এ ঘটনায় এখনো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি বলেন, ল্যাপটপটি উদ্ধার করতে পেরে পুলিশ আনন্দিত। এ বিষয়ে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের সঙ্গে কথা হয়েছে। ল্যাপটপ ফিরে পাওয়ার খবরে তিনিও খুশি হয়েছেন। তাঁর হারানো অন্যান্য মালামাল উদ্ধারের জন্যও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দেশবার্তা/জেএ