ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে ফের আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির সেন্ট্রাল পার্কে পূর্বঘোষিত পতাকা উত্তোলন কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
এর আগে আজ সকালে অভিজিতের দিল্লির বাসভবনে যায় পুলিশ। সেন্ট্রাল পার্কে সব ধরনের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়ে তাকে সেখানে যেতে বারণ করা হয়। এই নিষেধাজ্ঞা অমান্য করে পতাকা হাতে সেন্ট্রাল পার্কের উদ্দেশে রওনা হলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কিছুদিন ধরে আন্দোলন করছেন ককরোচ পার্টির তরুণ সমর্থকেরা। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা।
তাদের দাবি, ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ৭০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়, যা নির্বাচন শেষ হওয়ার পরপরই আবার যুক্ত করা হয়েছিল।
আজকের এই কর্মসূচিটি ছিল মূলত দলটির দুই সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে। গত ১০ অক্টোবর যন্তরমন্তরে সমাবেশের ডাক দিয়েছিল ককরোচ পার্টি। সেদিন পুলিশ বাধা দেওয়ার পাশাপাশি অভিজিৎ, আশুতোষ ও সৌরভকে আটক করে। পরদিন ১১ অক্টোবর মুক্তি পেয়ে দাদির মৃত্যুর খবরে পরিবারের কাছে যান অভিজিৎ।
এরপর গত ১৩ অক্টোবর আশুতোষ ও সৌরভ যন্তরমন্তরে গিয়ে পতাকা উত্তোলন করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। তাদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ সেন্ট্রাল পার্কে নতুন কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিজিৎ দীপকে। সূত্র: এনডিটিভি
দেশবার্তা/একে