দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে রাজশাহীর মন্দিরে মন্দিরে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এ বছর রাজশাহী মহানগরীতে ৮৫টিসহ পুরো জেলায় ৪৮৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকেই মণ্ডপগুলোতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা চলছে। নানা রঙের বাহারি পোশাক পরে পূণ্যার্থীরা উৎসবের আনন্দে মেতে উঠেছেন। মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন তাঁরা।
প্রচলিত নিয়মে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন দুর্গাপূজা উদযাপিত হয়। তবে পঞ্জিকা অনুযায়ী, এ বছর সপ্তমীর তিথি দুদিন পড়ায় শারদীয় দুর্গোৎসব চলবে টানা ছয় দিন। আগামী ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের উৎসব।
এদিকে, সার্বজনীন এ ধর্মীয় উৎসব আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাজশাহীর প্রতিটি মণ্ডপে আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রতিনিধি/আরএইচ