জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি নির্বাচনের আগে শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ বিভিন্ন বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার এখন সেগুলো পালন করছে। তারেক রহমানের সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) নাটোরের নলডাঙ্গা উপজেলার ২ নম্বর মাধনগর ইউনিয়নের মাধনগর বালিকা উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ভবনের এ নির্মাণকাজ হচ্ছে।
হুইপ দুলু বলেন, একটি দেশ ও জাতিকে বিশ্বের মানচিত্রে উন্নতিশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষার প্রয়োজন। এ কারণে তারেক রহমানের সরকার গত বাজেটে শিক্ষা খাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, মাধনগর বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী বেগম এবং প্রধান শিক্ষক আফসার আলী। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।
প্রতিনিধি/আরএইচ