চরাঞ্চলের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রথাগত ক্রীড়া প্রতিযোগিতা।
সোমবার (১৯ অক্টোবর) কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
সকাল থেকেই চরাঞ্চলের প্রতিবন্ধী শিশু, কিশোর-কিশোরী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। প্রতিযোগিতায় প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুরা যৌথভাবে বুদ্ধি যাচাই, ঝুড়িতে বল নিক্ষেপ, বেলুন উড়ানো, চেয়ার খেলা, বালিশ পাস ও নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ী-অবিজয়ী নির্বিশেষে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে প্রাণবন্ত করে তোলে।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চরাঞ্চলের প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুরা নৃত্য পরিবেশন করে। তাদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। দর্শকেরাও করতালির মাধ্যমে শিশুদের উৎসাহিত করেন।
অনুষ্ঠান শেষে ছয়টি বিভাগে ১৮ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার। পুরস্কারের মধ্যে ছিল হটপট, টিফিন বক্স, পানির পট ও কলমদানি।
বিজয়ীদের মধ্যে বুদ্ধি যাচাই খেলায় শারীরিক প্রতিবন্ধী শিশু লামিয়া, বেলুন উড়ানো খেলায় শারীরিক প্রতিবন্ধী শিশু শাফি এবং বালিশ পাস খেলায় শারীরিক প্রতিবন্ধী বিউটি বেগম উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর, পরিষদের সচিব নাজমুল হক, ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শফিকুল ইসলাম, শিক্ষা প্রকল্পের ব্যবস্থাপক মাহফুজার রহমানসহ সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তি ও অভিভাবকেরা।
বক্তারা বলেন, “প্রতিবন্ধিতা কোনো অভিশাপ বা সীমাবদ্ধতা নয়, সুযোগ ও সঠিক পরিবেশ পেলে তারাও সমাজের প্রতিটি ক্ষেত্রে আলো ছড়াতে পারে। চরাঞ্চলের মতো দুর্গম এলাকাতেও ফ্রেন্ডশিপের এই অন্তর্ভুক্তিমূলক প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়।”
প্রতিনিধি/আরএইচ