গাজীপুরের শ্রীপুরে ১২০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারসংলগ্ন একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার পুলিশ সদস্যের নাম সারোয়ার মোর্শেদ (৩৮)। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কনস্টেবল পদে কর্মরত। তাঁর বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বেতরা আটি গ্রামে। তিনি বজলুর রহমানের ছেলে। গ্রেপ্তার অপর দুজন হলেন শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩২) এবং রংপুরের কাউনিয়া থানার বিষ্ণপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর আলম।
স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর মণ্ডল জানান, কেওয়া বাজারের পাশে মোশারফের বাড়িতে প্রায় এক মাস আগে জাহাঙ্গীর নামের ওই ব্যক্তি ভাড়া থাকতে শুরু করেন। এরপর থেকে বাড়িটিতে অপরিচিত লোকজনের যাতায়াত বেড়ে যায়। তাঁদের সন্দেহজনক চলাফেরা নজরে আসার পর স্থানীয় বাসিন্দারা বিষয়টি পর্যবেক্ষণ করতে থাকেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সন্দেহের ভিত্তিতে স্থানীয় লোকজন ওই তিনজনকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেওয়া হয়। এ সময় ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা এবং মাদক সেবনের অবস্থায় থাকা ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শ্রীপুর থানার ওসি মো. শাহীনুর আলম বলেন, 'আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসার পর তাঁদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল বলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ইয়াবাসহ আটকের ঘটনায় থানায় মামলা করা হয়েছে।' ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
দেশবার্তা/জেএ