পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী হওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, তাঁর মরদেহে গার্ড অব অনার দেওয়া এবং নিজ এলাকায় দাফনের বিষয়ে বাধার মুখে পড়তে হয়েছে তাঁদের।
প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষার পর শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে পিরোজপুর পুলিশ লাইন্সের ভেতরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। মানিক পশারী (৮৭) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ছিলেন।
পরিবারের দাবি, তিনি একজন গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা। পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মানিক পশারী বাড়ির বাইরে অবস্থান করছিলেন। এ সময় তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের জামাতার কাছে আশ্রয় নেন। গত দুই মাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শনিবার সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়ায় তাঁর মৃত্যু হয়।
পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ নিয়ে পিরোজপুরে আসেন। পরিবারের দাবি, দুপুর ১২টার দিকে মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আনা হলে গার্ড অব অনার দেওয়ার বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। এ সময় জামায়াতের নেতারা বাধা দেন বলে অভিযোগ করেন তাঁরা। পরে বিকেল ৫টার দিকে পুলিশ লাইন্সের ভেতরে গার্ড অব অনার দেওয়া হয়।
মানিক পশারীর মেয়ের জামাতা ফারুক হোসেন বলেন, সকাল ১০টার দিকে তিনি মারা যান। দুপুর ১২টার দিকে আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গেলে গার্ড অব অনারের কথা বলা হয়। কিন্তু আমাদের বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। একজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার মরদেহ সাধারণ অ্যাম্বুলেন্সে বরফ ছাড়াই কয়েক ঘণ্টা রাখতে হয়েছে।
গার্ড অব অনার দেওয়ার পর মরদেহ দাফনের বিষয়ে প্রশাসন আমাদের কোনো দায়িত্ব নেয়নি। আমরা দাফন নিয়ে খুবই চিন্তিত। এদিকে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক মানিক পশারীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, মানিক পশারী ভুয়া মুক্তিযোদ্ধা এবং তাঁকে গার্ড অব অনার দেওয়া বা পিরোজপুরে দাফন করতে দেওয়া উচিত নয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।পিরোজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়েছে।
দেশবার্তা/জেএ