মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য (মেডিকেল) পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। নির্ধারিত এই তারিখের আগে কোনো স্বাস্থ্য পরীক্ষা করানো যাবে না।
বুধবার (২৮ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের তালিকাভুক্ত সেন্টারগুলোর তথ্য ওয়েবসাইটে নিয়মিত খেয়াল রাখার অনুরোধ করা হয়েছে। সরকারি নির্দেশনা পরিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে তালিকা থেকে বাদ দেওয়া হবে।
মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ৩১ অক্টোবরের আগে করা কোনো স্বাস্থ্য পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য তা প্রক্রিয়াজাত করা হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি নির্দেশ ও অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করতে বা করাতে পারবে না। অসাধু কিছু এজেন্সি ও দালাল চক্র অনুমতি ছাড়াই স্বাস্থ্য পরীক্ষার কথা বলে কর্মীদের কাছ থেকে টাকা ও পাসপোর্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে। অনুমোদন নিশ্চিত না হয়ে কাউকে টাকা বা পাসপোর্ট না দেওয়ার এবং এ ধরনের প্রস্তাবে সাড়া না দেওয়ার জন্য কর্মীদের অনুরোধ করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত সেন্টারে পরীক্ষার কাগজপত্র এবং ভিডিআর (ভিসা উইথ রেফারেন্স) ভিসার নথিপত্র জমা দিতে হবে।
নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। এক্ষেত্রে অমান্যকারী মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী পাঠানোর কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে।
অনুমোদনহীন স্বাস্থ্য পরীক্ষা বা এ সংক্রান্ত কোনো অনিয়মের তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ও প্রমাণসহ ইমেইলে (
[email protected]) মন্ত্রণালয়কে জানাতে অনুরোধ করা হয়েছে।
কর্মীদের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অনিয়ম বন্ধে নজরদারি অব্যাহত থাকবে জানিয়ে সংশ্লিষ্ট সব কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারকে সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
দেশবার্তা/একে