তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন প্রতীক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি।
সংগঠনের সভাপতি সাংবাদিক এ এইচ এম ফারুক, সিনিয়র সহ সভাপতি মিতায়ন চাকমা এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভূইয়া এক শোকবার্তায় বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার এবং এদেশের গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান। তার মৃত্যুতে জাতি এক মমতাময়ী অভিভাবক ও সাহসী নেতৃত্বকে হারালো। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা এবং পাহাড়ের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তার যে দরদ ও অবদান, তা পার্বত্যবাসী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”
শোকবার্তায় আরও উল্লেখ করেন, “পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা-এর সকল সদস্য ও পার্বত্যবাসীর পক্ষ থেকে আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”