মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। একের পর এক রেকর্ড ভেঙে ছবিটি যখন ১০০০ কোটির ক্লাবে রাজকীয় প্রবেশ ঘটাচ্ছে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রণবীরের স্ত্রী ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে ছবির সাফল্য নিয়ে নয়, বরং দীপিকার ‘নীরবতা’ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।
রণবীরের ক্যারিয়ারের এই বিশাল অর্জনে দীপিকা সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট না করায় নেটিজেনদের একাংশ তাকে কড়া সমালোচনা ও ট্রোলের শিকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়, দীপিকা ইচ্ছা করেই ছবির প্রিমিয়ার এড়িয়ে গেছেন এবং পরিচালকের বিরুদ্ধে এক ধরনের ‘নীরব প্রতিবাদ’ জানাচ্ছেন।
দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে এই ট্রোলের কড়া জবাব দিয়েছেন দীপিকা। সমালোচকদের উদ্দেশ্যে তিনি মন্তব্য করেছেন, ‘আমি শুধু ইন্টারনেটের এই নাটকগুলো এড়িয়ে চলছি, বন্ধু। আর আমি এই সিনেমা তোমাদের অনেক আগেই দেখে ফেলেছি। এখন বলো, মজাটা কার সাথে হলো?’
অভিনেত্রীর এই মন্তব্যে স্পষ্ট যে, ভার্চুয়াল প্রচারণার চেয়ে বাস্তব জীবনেই তিনি স্বামীর এই সাফল্য উদ্যাপন করতে বেশি আগ্রহী।
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বর্তমানে ভারতীয় সিনেমার ইতিহাসে একের পর এক মাইলফলক স্পর্শ করছে। মাত্র ১৮ দিনে ভারতে ১,০০০ কোটি রুপি আয় করে এটি ‘পুষ্পা ২’-এর পর দ্বিতীয় দ্রুততম আয়কারী ছবির তকমা পেয়েছে। এমনকি ‘বাহুবলী ২’-এর মতো কালজয়ী ছবির রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাচ্ছে রণবীরের এই ব্লকবাস্টার হিট।
উল্লেখ্য, গত বছর এই ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি মুক্তির সময় দীপিকা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে রণবীর ও পুরো টিমের ভূয়সী প্রশংসা করেছিলেন। তবে এবার তাকে অনলাইনের চেয়ে অফলাইনেই বেশি সময় কাটাতে দেখা যাচ্ছে। সম্প্রতি তাকে রণবীরের বাবার সঙ্গে ডিনার ডেটে এবং মুম্বাইয়ের বিখ্যাত ক্যাফেতে সময় কাটাতে দেখা গেছে, যা প্রমাণ করে ব্যক্তিগত জীবনেই তিনি এই সময়টা উপভোগ করছেন।
রণবীর সিং ছাড়াও এই ছবিতে আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপালের মতো শক্তিশালী অভিনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।
দেশবার্তা/একে